চট্টগ্রামে দিন-দুপুরে ছুরি ঠেকিয়ে রিকশাযাত্রীর সর্বস্ব লুট
চট্টগ্রাম নগরীতে দিন-দুপুরে সশস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কোতোয়ালী থানার কয়েকশ গজ দূরে রিকশার গতিরোধ করে এক যাত্রীর কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুই যুবক।
ঘটনাটি নগরীর কোতোয়ালী থানার সতীশ বাবু লেইনে ঘটেছে বলে জানা গেছে। তবে ঠিক কবে এবং কখন ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার সকালে ঘটনার ২৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ভিডিওটি পুলিশের নজরে আসার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগ ঘটনাটি তদন্তে নামে। ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতোমধ্যে একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে যা দেখা গেছে
ভিডিওতে দেখা যায়, দুই যুবক ছুরি হাতে একটি রিকশার গতিরোধ করে। একজনের পরনে জিন্স প্যান্ট ও কালো পোশাক, অন্যজনের পরনে ফুলহাতা শার্ট ও সাদা টি-শার্ট। তারা দুই দিক থেকে রিকশার যাত্রীকে ঘিরে ধরে তার পকেট থেকে জোরপূর্বক টাকা-পয়সা ও মোবাইল ফোন নিয়ে নেয়।
এ সময় ভুক্তভোগীকে প্রাণভয়ে ‘দিচ্ছি, দিচ্ছি’ বলতে শোনা যায়। পুরো ঘটনায় রিকশাচালককে অসহায়ভাবে তাকিয়ে থাকতে দেখা যায়। কাছেই এক তরুণ ঘটনাটি প্রত্যক্ষ করলেও ছিনতাইকারীদের হাতে ছুরি থাকায় তাদের বাধা দিতে আশপাশের কেউ এগিয়ে আসেননি।
আশপাশের এলাকায় ছিনতাইয়ের অভিযোগ
স্থানীয়দের অভিযোগ, কোতোয়ালী থানার পেছনের সতীশ বাবু লেন, গির্জার মোড়, পাথরঘাটা ফিশারীঘাট রোডসহ আশপাশের এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিশেষ করে সকালে এসব এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে স্থানীয়দের দাবি।
দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পুলিশের
সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি) হাবিবুর রহমান প্রাং বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। ভিডিওটির বিষয়ে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। আশা করি, খুব শিগগিরই ছিনতাইয়ে জড়িতদের আইনের আওতায় আনতে পারব।”
পুলিশ জানিয়েছে, ভিডিওটি বিশ্লেষণ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
-স্বাধীন/এস
চট্টগ্রামে দিন-দুপুরে ছুরি ঠেকিয়ে রিকশাযাত্রীর সর্বস্ব লুট

