দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা নেওয়া হবে: কৃষিমন্ত্রী

প্রকাশঃ Aug 29, 2026 - 19:10
দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা নেওয়া হবে: কৃষিমন্ত্রী

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই। একটি মহল পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করে সারের দাম বাড়ানোর চেষ্টা করছে। বেশি দাম না দিলে সার পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৯ আগস্ট) ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পেঁয়াজ ও পাটচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারের পরিস্থিতি নিয়ে কৃষিমন্ত্রী বলেন, দেশের মোট চাহিদার তুলনায় প্রায় ১৫ লাখ টন বেশি সার আমদানি করা হয়। পাশাপাশি একই পরিমাণ সার নিরাপত্তা মজুদ হিসেবে রাখা থাকে। তাই দেশে সার সংকট তৈরি হওয়ার কোনো কারণ নেই। তবে একটি চক্র পরিকল্পিতভাবে সারের দাম বাড়িয়ে রাখার চেষ্টা করছে।

তিনি বলেন, কিছু খুচরা সার বিক্রেতা বাজারে সার নেই বলে প্রচার করছেন। অথচ অতিরিক্ত টাকা দেওয়া হলে তারাই আবার সার সরবরাহ করছেন। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কৃষিপণ্যের আমদানি নির্ভরতা কমানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ভবিষ্যতে পাট ও পেঁয়াজের বীজ যাতে বিদেশ থেকে আমদানি করতে না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। প্রয়োজনীয় কৃষিপণ্যের আমদানি কমিয়ে দেশীয় উৎপাদনের মাধ্যমে দেশের চাহিদা পূরণ করাই সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো কৃষিপণ্য যেন আমদানি করতে না হয়, বরং দেশের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করা যায় সেদিকেই এগোতে হবে। এ জন্য সবাইকে পরিশ্রম করতে হবে। কাঁচামরিচ, আদা, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনেও সরকার কাজ করছে।

সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বিএনপি সরকার কৃষিবান্ধব সরকার। এই সরকার যখনই ক্ষমতায় এসেছে, তখনই কৃষকদের ভাগ্যোন্নয়নে কাজ করেছে।

মতবিনিময় সভায় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

এর আগে কৃষিমন্ত্রী ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

-স্বাধীন/এমএ

দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা নেওয়া হবে: কৃষিমন্ত্রী
লোগো
Aug 29, 2026

দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা নেওয়া হবে: কৃষিমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta