মধ্যরাতে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির বড় একটি অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাত সোয়া ১টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচলকারী ‘নিউ ক্লাসিক্যাল’ নামের বাসটি টার্মিনালে দাঁড়িয়ে ছিল। বাসটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বাসে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সোয়া ১টার দিকে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসটিতে স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
তিনি আরও জানান, টার্মিনালের পাশেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। আগুনের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী বা চালক-সহকারী ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
-স্বাধীন/এস
মধ্যরাতে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা

