দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, সম্মতি জানাল ভারত
দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে ভারত সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পক্ষ থেকে এ সংক্রান্ত সম্মতিপত্র বা ‘অ্যাগ্রিমেন্ট’ পৌঁছেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন ও আরও সক্রিয় করার প্রক্রিয়ার অংশ হিসেবে দিল্লি এ নিয়োগে অনুমোদন দিয়েছে। এর মধ্য দিয়ে নতুন হাইকমিশনারের নিয়োগ নিয়ে চলমান আলোচনা ও জল্পনার অবসান হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়াম দিল্লিতে বর্তমান হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন আসাদ আলম সিয়াম। গত বছরের জুনে পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে তিনি অস্ট্রিয়া ও ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। এছাড়া ইতালির মিলানে কনসাল জেনারেল, যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনার এবং ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে কূটনীতিক হিসেবেও দায়িত্ব পালন করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত অবস্থায় তিনি প্রটোকল প্রধান, ইউরোপ ও ইইউ উইংয়ের মহাপরিচালক এবং পররাষ্ট্র সচিবের দপ্তরের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত সাবেক মন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্ব দিনেশ ত্রিবেদীকে ঢাকায় নতুন দূত হিসেবে পাঠানোর পর বাংলাদেশও দিল্লিতে তার সবচেয়ে জ্যেষ্ঠ কূটনীতিককে পাঠানোর সিদ্ধান্ত নেয়।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন এবং মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপড়েন দেখা দেয়।
পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক ও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ভারতে শেখ হাসিনার অবস্থান এখনো ঢাকার জন্য একটি গুরুত্বপূর্ণ অস্বস্তির বিষয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
-স্বাধীন/এমএ
দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, সম্মতি জানাল ভারত

