ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা নিশ্চিতের দাবি

প্রকাশঃ Sep 28, 2026 - 20:10
ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা নিশ্চিতের দাবি

ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার, প্রকৌশল শিক্ষা ও কর্মক্ষেত্রে শৃঙ্খলা নিশ্চিতের আহ্বান জানিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব)। সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ, পদায়ন ও পদোন্নতিতে ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার সংরক্ষণের দাবি জানানো হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিইএব-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ হানিফ এসব দাবি জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে সহযোগী অধ্যাপক রাবেয়া আক্তারের কাজে যোগদানকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে সংগঠনটি উদ্বিগ্ন। বদলি ও পদায়ন সরকারি চাকরির স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া উল্লেখ করে কোনো শিক্ষককে কাজে যোগদানে বাধা দেওয়া কিংবা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার মতো কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়।

একই সঙ্গে প্রকৌশল কর্মক্ষেত্রে ডিপ্লোমা ও স্নাতক প্রকৌশলীদের মধ্যে বিদ্যমান পেশাগত সৌহার্দ্য ও সমন্বয় বিনষ্ট করে কোনো পক্ষ যাতে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রেও ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রচলিত যোগ্যতা সংরক্ষণ না করে উচ্চতর প্রকৌশল ডিগ্রিধারীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া সরকারি নিয়োগ বিধি অনুযায়ী নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবিত পদোন্নতি-সংক্রান্ত বিধানে ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকলে তা পুনর্বিবেচনারও দাবি জানানো হয়েছে।

ডিইএব আরও বলেছে, দেশের উন্নয়ন কর্মকাণ্ডে স্নাতক প্রকৌশলীরা পরিকল্পনা, নকশা প্রণয়ন ও উন্নত প্রযুক্তির গবেষণায় নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ডিপ্লোমা প্রকৌশলীরা মাঠপর্যায়ে কর্মবাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। প্রকৌশল জনশক্তির এই সমন্বিত কাঠামোকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া প্রেস বিজ্ঞপ্তিতে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত ১০ম গ্রেড, ৩৩ শতাংশ পদোন্নতি এবং সিনিয়রিটি-সংক্রান্ত বিদ্যমান ন্যায্য সুযোগ-সুবিধা সংরক্ষণের দাবি জানানো হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে প্রকৌশল শিক্ষাঙ্গন ও কর্মক্ষেত্রে স্থিতিশীলতা, পেশাগত শৃঙ্খলা এবং প্রকৌশলীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ২৪-এর গণঅভ্যুত্থানে নিহত ডিপ্লোমা প্রকৌশলী শহীদদের মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

ডিইএব জানায়, উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

-স্বাধীন/এমএ

ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা নিশ্চিতের দাবি
লোগো
Sep 28, 2026

ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা নিশ্চিতের দাবি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta