শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড
সাতক্ষীরার পাটকেলঘাটায় শিশু ধর্ষণ মামলায় মো. রওশন শেখ নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বক্কর সিদ্দিক এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ
আদালত সূত্রে জানা গেছে, পাটকেলঘাটা থানার জিআর মামলা নম্বর ৪৩/২৫ এবং শিশু সহিংসতা মামলা নম্বর ১৫৯/২৬-এর এজাহারকারী মো. কামরুল শেখ। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় ২০২৫ সালের ২৩ মে মামলাটি দায়ের করা হয়।
পরে একই বছরের ৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার পরবর্তী কার্যক্রম শেষে ২০২৬ সালের ১২ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ও ৯(৪)(খ) ধারায় অভিযোগ আনা হয়।
১১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ
মামলার বিচার চলাকালে আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। তাদের মধ্যে আটজন সাধারণ সাক্ষী, একজন চিকিৎসক, একজন তদন্ত কর্মকর্তা এবং ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় জবানবন্দি গ্রহণকারী একজন ম্যাজিস্ট্রেট ছিলেন।
সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত রায়ে উল্লেখ করেন, আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় আনা অভিযোগ প্রমাণিত হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে আদালত রওশন শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আলমগীর আশরাফ। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ওয়ালীউল্লাহ।
-স্বাধীন/এস
শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

