নাটোরে বড়শিতে ১৩ কেজির বিশাল চিতল, বিক্রি ১৩ হাজার ৭০০ টাকায়

প্রকাশঃ Oct 1, 2026 - 11:05
নাটোরে বড়শিতে ১৩ কেজির বিশাল চিতল, বিক্রি ১৩ হাজার ৭০০ টাকায়

নাটোরের নলডাঙ্গায় বারনই নদীতে তলটানা বড়শিতে ধরা পড়েছে ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির চিতল মাছ। পরে মাছটি প্রতি কেজি এক হাজার টাকা দরে মোট ১৩ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনাপাতিল বাজারসংলগ্ন বারনই নদীতে মাছটি ধরা পড়ে। বিশাল আকৃতির চিতল মাছটি দেখতে নদীর পাড়ে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে।

তলটানা বড়শিতে ধরা পড়ে চিতল

স্থানীয় জেলেরা জানান, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় নৌকা নিয়ে নদীতে তলটানা বড়শি পরীক্ষা করছিলেন তারা। এ সময় একটি বড়শিতে বিশাল আকৃতির চিতল মাছটি আটকা পড়ে থাকতে দেখেন। পরে সেটি নদী থেকে তুলে আনা হয়।

মাছটি ধরার খবর দ্রুত ছড়িয়ে পড়লে নদীর পাড়ে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। পরে বিক্রির জন্য মাছটি সোনাপাতিল চারমাথা মোড়ে নেওয়া হয়। সেখানে দর-কষাকষির পর প্রতি কেজি এক হাজার টাকা দরে ১৩ হাজার ৭০০ টাকায় মাছটি বিক্রি করা হয়।

বড় মাছ দেখতে মানুষের ভিড়

মাছটির এক ক্রেতা রাব্বি বলেন, বাঙ্গালখলসি গ্রামের হলদারপাড়ার এক জেলে মাছটি ধরেছেন। তাকে দেখলে চিনতে পারবেন, তবে তার নাম জানা নেই। মাছটি ধরার পর তিনি দ্রুত বিক্রি করে চলে যান।

স্থানীয় জেলে আলমগীর কবির বলেন, তলটানা বড়শি জেলেদের প্রচলিত একটি মাছ ধরার কৌশল। মোটা নাইলনের সুতার সঙ্গে নির্দিষ্ট দূরত্ব পরপর বড়শি বাঁধা হয়। এরপর ইট বা পাথরের সাহায্যে সুতাটি নদীর তলদেশে ডুবিয়ে রাখা হয়।

বড়শিতে ছোট মাছ, ব্যাঙ বা অন্য খাবার টোপ হিসেবে ব্যবহার করা হয়। টোপ খেতে এসে চিতল, বোয়াল, রুই ও কাতলার মতো বড় মাছ বড়শিতে আটকা পড়ে। জেলেরা নির্দিষ্ট সময় পরপর নৌকা নিয়ে বড়শিগুলো পরীক্ষা করেন। এভাবেই এবার বিশাল চিতল মাছটি ধরা পড়েছে।

এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাঈদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

-স্বাধীন/এস

নাটোরে বড়শিতে ১৩ কেজির বিশাল চিতল, বিক্রি ১৩ হাজার ৭০০ টাকায়
লোগো
Oct 1, 2026

নাটোরে বড়শিতে ১৩ কেজির বিশাল চিতল, বিক্রি ১৩ হাজার ৭০০ টাকায়

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta