মেয়েকে স্বামীর ঘর থেকে ছাড়িয়ে : দুধ দিয়ে গোসল মায়ের
বোয়ালমারীতে দুধ দিয়ে গোসলের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে
ফরিদপুরের বোয়ালমারীতে নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে আনার পর প্রকাশ্যে বাজারে দুধ দিয়ে গোসল করেছেন জুলেখা বেগম নামে এক মা। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে।
এরই মধ্যে দুধ দিয়ে গোসল করার ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জুলেখা বেগম বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহশিন মোল্লার স্ত্রী। তাঁর মেয়ে মনিরা খাতুনের (৩০) সঙ্গে প্রায় ১৪ বছর আগে সুমন শেখ (৩২) নামে এক ব্যক্তির বিয়ে হয়।
জুলেখা বেগমের দাবি, বিয়ের পর থেকেই তাঁর মেয়েকে নির্যাতন ও মারধর করতেন সুমন। তাঁর অভিযোগ, সুমন নেশাগ্রস্ত অবস্থায় নিয়মিত মনিরাকে মারধর করতেন।
তিনি জানান, কয়েকদিন আগে কাবিন রেজিস্ট্রারের মাধ্যমে মনিরার সঙ্গে সুমনের তালাক সম্পন্ন হয়। এরপর মেয়েকে স্বামীর বাড়ি থেকে নিয়ে আসেন তাঁরা। পরে শুক্রবার সকালে নিজের দেওয়া ওয়াদা অনুযায়ী প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেন তিনি।
মনিরার বাবা মহশিন মোল্লা বলেন, “বিয়ের পর থেকেই আমার মেয়েকে স্বামী নির্যাতন ও মারধর করতেন। তিনি নেশা করতেন। অতিষ্ঠ হয়ে মেয়েকে ছাড়িয়ে আনা হয়েছে। পরে শুক্রবার সকালে ওয়াদা অনুযায়ী আমার স্ত্রী দুধ দিয়ে গোসল করেছেন।”
তবে নেশাগ্রস্ত অবস্থায় নির্যাতন ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন সুমন শেখ। তিনি এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।
-স্বাধীন/এস
মেয়েকে স্বামীর ঘর থেকে ছাড়িয়ে : দুধ দিয়ে গোসল মায়ের

