পাকিস্তানের মাটিতে বাংলাদেশের মেয়েদের দারুণ জয়

প্রকাশঃ Oct 2, 2026 - 16:32
পাকিস্তানের মাটিতে বাংলাদেশের মেয়েদের দারুণ জয়

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের ৩০ রানে হারাল বাংলাদেশ

ক্রীড়াঙ্গনে হতাশার দিন পার করার পর সুখবর দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাটিতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। সিরিজে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৩০ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রানেই থামে পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ওপেনার মাইমুনা নাহার। আরেক ওপেনার অচেনা জান্নাত করেন ৬ বলে ৬ রান। দলনেতা সাদিয়া ইসলাম করেন ১২ রান। বিবি আয়েশার ব্যাট থেকে আসে ১৮ বলে ৭ রান।

তবে এরপর দলের হাল ধরেন সাদিয়া আক্তার ও নিশিতা আক্তার নিশি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করে অপরাজিত থাকেন সাদিয়া আক্তার। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন নিশিতা আক্তার নিশি। এ ছাড়া ফারজানা ইয়াসমিন ৫, কুমারি শ্রাবণী রানি ১২ ও অদ্রিতা নওশিন ৬ রান করেন।

পাকিস্তানের হয়ে মাহনুর জাইব নেন সর্বোচ্চ ৩ উইকেট। রোজিনা আকরাম পান ২ উইকেট। অন্য দুই বোলার নেন একটি করে উইকেট।

১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। ওপেনার রাভাইল ফারহান ১২ বলে ১৭ রান করেন। অন্য ওপেনার কোমল খান ৩৯ বলে করেন ২৯ রান।

দুই ওপেনার ফিরে যাওয়ার পরই পাকিস্তানের ইনিংসে ছন্দপতন ঘটে। এরপর কেবল জোফিসান আইয়াজ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন; তাঁর ব্যাট থেকে আসে ১২ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নিশিতা আক্তার নিশি। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে তিনি নেন ২ উইকেট। এ ছাড়া ফারজানা ইয়াসিন, আফরিন খান ও অদ্রিতা নওশিন একটি করে উইকেট নেন।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ৮৭ রানেই থামে পাকিস্তান। ফলে ৩০ রানের জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজের যাত্রা শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

-স্বাধীন/এস

পাকিস্তানের মাটিতে বাংলাদেশের মেয়েদের দারুণ জয়
লোগো
Oct 2, 2026

পাকিস্তানের মাটিতে বাংলাদেশের মেয়েদের দারুণ জয়

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta