রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, পুলিশের সতর্কবার্তা

প্রকাশঃ Aug 7, 2026 - 20:38
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, পুলিশের সতর্কবার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে সতর্ক করেছে বাংলাদেশ পুলিশ। এ ধরনের অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ সতর্কবার্তা জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর, উসকানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

পুলিশের দাবি, পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দেশি-বিদেশি সহযোগীরা জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, পুলিশ বাহিনীর মনোবল দুর্বল করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে।

ফেসবুকের ওই বার্তায় আরও বলা হয়, বর্তমানে বাংলাদেশ পুলিশ কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের বিরুদ্ধে জোরালো আইনি ব্যবস্থা নেওয়ায় এবং অপপ্রচারকারীদের অন্যায় তদবির আমলে না নেওয়ায় অসন্তুষ্ট একটি মহল মনগড়া তথ্য ছড়িয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে।

পুলিশ জানিয়েছে, এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধে জড়িত থাকার, পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরে অন্যায় তদবির এবং অপপ্রচার বন্ধ রাখার শর্তে অর্থ দাবির তথ্য-প্রমাণ রয়েছে।

এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ও উসকানিমূলক কোনো বক্তব্য যাচাই ছাড়া বিশ্বাস, শেয়ার বা প্রচার না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও বলেছে, দায়িত্বশীল নাগরিক হিসেবে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বাংলাদেশ পুলিশ।

-স্বাধীন দিগন্ত/ এমএ

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, পুলিশের সতর্কবার্তা
লোগো
Aug 7, 2026

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, পুলিশের সতর্কবার্তা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta