১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ

প্রকাশঃ Aug 30, 2026 - 18:24
১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ

দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন গঠিত কয়েকটি উপজেলা ও ইউনিয়ন পরিষদকে সংশ্লিষ্ট সংসদীয় আসনের আওতায় আনা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনিক কাঠামোয় পরিবর্তনের কারণে কাগজে-কলমে আসনের সীমানায় সংশোধন হলেও বাস্তবে ভোটের এলাকার বড় কোনো পরিবর্তন হবে না।

সীমানায় সংশোধন আনা আসনগুলো হলো- ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।

ইসির গেজেট অনুযায়ী, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে। এতদিন ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে এখন রুহিয়া ও ভুল্লী উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। সদর উপজেলা বিভক্ত করে নতুন এ দুটি উপজেলা গঠন করা হয়। গত মে মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এগুলো অনুমোদন পায়।

বগুড়া-২ আসনে শিবগঞ্জ উপজেলার পাশাপাশি নতুন গঠিত মোকামতলা উপজেলাকেও যুক্ত করা হয়েছে। গত মে মাসের নিকার সভায় মোকামতলা উপজেলা অনুমোদন দেওয়া হয়।

ময়মনসিংহ-১০ আসনের সীমানায় গফরগাঁও উপজেলার সঙ্গে নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত জুলাইয়ে অনুষ্ঠিত নিকার সভায় নতুন উপজেলাটি অনুমোদিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়ন পরিষদ যুক্ত করা হয়েছে। অন্যদিকে, বরিশল ইউনিয়ন বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সীমানা নির্ধারণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম নিয়ে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করে নতুন বরিশল ইউনিয়ন গঠন করা হয়। গত মে মাসে এটি অনুমোদন পায়।

কুমিল্লা-৩ আসনে মুরাদনগর উপজেলার সঙ্গে নবগঠিত বাঙ্গরা উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত জুলাই মাসে নিকার সভায় বাঙ্গরা উপজেলা অনুমোদিত হয়।

এ ছাড়া চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ি উপজেলার সঙ্গে নতুন গঠিত ফটিকছড়ি উত্তর উপজেলাকে যুক্ত করা হয়েছে। আর কক্সবাজার-১ আসনের সীমানায় নবগঠিত মাতারমুহুরি উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

-স্বাধীন/এমএ

১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ
লোগো
Aug 30, 2026

১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta