সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস, নিহত বেড়ে ৮

প্রকাশঃ Aug 14, 2026 - 15:39
সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস, নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় একটি শিপইয়ার্ডে জাহাজ ভাঙার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জনের বেশি।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তারা হলেন—নাসির উদ্দিন (৪৭), মনসুর আহমদ (৫৫), সানি জলদাশ (৩৫), পলাশ জলদাশ (৩৯), মো. খোকন (৪০) ও মো. রানা (২৭)। নাসির ও মনসুর সম্পর্কে দুই ভাই এবং তারা সেকান্দর মিয়ার ছেলে। সানি ও পলাশ সীতাকুণ্ডের ভাটিয়ারী মৌলভীপাড়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। খোকন ও রানা গাইবান্ধার বাসিন্দা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, পুরোনো এলএনজিবাহী একটি জাহাজ ভাঙার কাজ চলছিল। জাহাজের ভেতরের একটি বদ্ধ কক্ষে কয়েকজন শ্রমিক প্রবেশ করলে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় অন্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, বিষাক্ত গ্যাসে আক্রান্ত সাতজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ছয়জনকে মৃত ঘোষণা করেন।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। অন্যদের হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

এদিকে, শুরুতে শিপইয়ার্ডে বিস্ফোরণে তিনজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম জানিয়েছেন, বিস্ফোরণের খবর সঠিক নয়। বিষাক্ত গ্যাস লিকেজের কারণেই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাটি তদন্ত করে দুর্ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর জানান, প্রথমে দুজনের মরদেহ উদ্ধার করা হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজনকে মৃত ঘোষণা করা হয়। পরে আরও একজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। ফলে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

-স্বাধীন দিগন্ত/ এমএ

সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস, নিহত বেড়ে ৮
লোগো
Aug 14, 2026

সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস, নিহত বেড়ে ৮

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta