মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইরে সেলিনা আক্তার (২৭) নামে এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে পৌর সদরের আঙ্গারিয়া এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সেলিনা আক্তার জয়মন্টপ ইউনিয়নের ডোনখালপার এলাকার মৃত আনছার আলীর মেয়ে। তিনি শিবালয় উপজেলার রুপসা ওয়াহিদ আলী উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নিজ বাসায় সেলিনা আক্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সিংগাইর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
-স্বাধীন/ এমএ
মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

