সম্পত্তি হস্তান্তর আইন কুরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম

প্রকাশঃ Sep 13, 2026 - 21:18
সম্পত্তি হস্তান্তর আইন কুরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম

সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক দাবি করে বিলটি সংশোধনের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে বিলটি পাসের আগে ইসলামী শরিয়া বিশেষজ্ঞদের মতামত না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব কথা বলা হয়।

সভায় হেফাজতের নেতারা বলেন, সম্প্রতি পাস হওয়া সম্পত্তি হস্তান্তর-সংক্রান্ত নতুন আইনের কারণে মুসলিমদের হেবা বা দান নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। শরিয়া বিশেষজ্ঞদের মতামত না নিয়ে দ্রুত বিলটি জাতীয় সংসদে পাস করায় তারা উদ্বেগ ও প্রতিবাদ জানান।

হেফাজতের দাবি, সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক। মুসলিমদের ব্যক্তিগত আইন ও ধর্মীয় বিধানের সঙ্গে সম্পর্কিত কোনো আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষেত্রে আলেম-ওলামা, ইসলামী আইন বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত বলেও সভায় মত দেওয়া হয়।

সভায় আইনমন্ত্রী ও চিফ হুইপের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করা হয়। হেফাজত নেতারা বলেন, কোনো বিষয়ে আপত্তি জানানো ব্যক্তিরা আইন পড়েছেন কি না—এমন প্রশ্ন না তুলে তাদের আপত্তির শরিয়াগত ও আইনগত ভিত্তি যাচাই করা উচিত।

নেতারা আরও বলেন, মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন ও শরিয়তসম্মত সম্পত্তি বণ্টনব্যবস্থার প্রতি যথাযথ সম্মান দেখানো রাষ্ট্রের দায়িত্ব। হেবা প্রথা ও মুসলিম উত্তরাধিকারীদের অধিকার সুরক্ষায় বিতর্কিত বিধানগুলো পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধনের দাবি জানান তারা।

হেফাজত নেতারা জানান, তারা শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে বিলটির বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবেন। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, বিরোধে না গিয়ে আলেম-ওলামা ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে বিষয়টির একটি গ্রহণযোগ্য সমাধান করা উচিত।

সভায় মাওলানা আব্দুল হামিদ, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মুফতি আরশাদ রহমানী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়াসহ হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

-স্বাধীন/এমএ

সম্পত্তি হস্তান্তর আইন কুরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম
লোগো
Sep 13, 2026

সম্পত্তি হস্তান্তর আইন কুরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta