লোহিত সাগরে বিশাল স্বার্থ থাকলেও যুদ্ধে জড়াতে চায় না ইতালি
লোহিত সাগরে ইতালি কোনো যুদ্ধে জড়ায়নি বলে স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। তবে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক জলপথে পণ্যবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌ-অভিযান আরও শক্তিশালী করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
ইতালির একটি জনপ্রিয় দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তাজানি। সম্প্রতি সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে হুথি গোষ্ঠীর হামলায় ইতালির একটি ইউরোফাইটার যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর হুথিরা জানায়, ইতালির সঙ্গে তাদের কোনো সংঘাত নেই। এ প্রসঙ্গেই ইতালির অবস্থান পরিষ্কার করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে হুথিদের হামলা থেকে সুরক্ষা দিতে ইইউ ‘অ্যাসপাইডস’ নামে একটি নৌ-নিরাপত্তা মিশন পরিচালনা করছে। তাজানি জানান, সমুদ্রপথে অস্থিরতা বাড়লেও ইতালি এই মিশনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। পাশাপাশি মিশনটির মেয়াদ বাড়ানোর পাশাপাশি এর কার্যক্রম আরও জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।
ইতালির অর্থনীতি ও বাণিজ্যের জন্য লোহিত সাগরের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির সামুদ্রিক বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ এবং এশিয়ায় রপ্তানি করা মোট পণ্যের প্রায় ৬০ শতাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে লোহিত সাগরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা ইতালির বাণিজ্যিক স্বার্থের জন্যও গুরুত্বপূর্ণ।
-স্বাধীন/এমএ
লোহিত সাগরে বিশাল স্বার্থ থাকলেও যুদ্ধে জড়াতে চায় না ইতালি

