সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের মূল পরিকল্পনাকারীসহ ৪ জন গ্রেফতার
রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, স্টুডিওর জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে এলাকার অন্য জমির মালিকদের বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সেখানে স্টুডিও তৈরি করেছিলেন সালমান মুক্তাদির। হামলার সময় স্টুডিওটির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়।
সালমান মুক্তাদিরের অভিযোগ, শনিবার দিনগত রাতে দুটি ট্রাকে করে একদল লোক এসে স্টুডিওতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
রাত পৌনে ২টার দিকে ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে সালমান বলেন, কিছুক্ষণ আগেই সেখানে হামলা হয়েছে এবং পুরো স্টুডিও ভাঙচুর করে দেওয়া হয়েছে।
পরে সালমান অভিযোগ করেন, হামলাকারীদের মূল টার্গেট সম্ভবত ভবনের মালিক ছিলেন। তার কাছে চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে বলেও তিনি ধারণা প্রকাশ করেন।
তবে ক্যান্টনমেন্ট থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নিউ গিনি প্রপার্টিজ ওই জমিতে একটি গেট নির্মাণ করে অন্যদের চলাচল বন্ধ করে দিয়েছিল। এতে যাতায়াতে সমস্যার সৃষ্টি হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন সেখানে যায়।
তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যে হামলার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছি। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
-স্বাধীন/এমএ
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের মূল পরিকল্পনাকারীসহ ৪ জন গ্রেফতার

