ধামরাইয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ
অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকার ধামরাইয়ে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে উপজেলা ছাত্রদল। একই সঙ্গে তার ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনের নেতৃত্বে পৌর শহরের থানা রোড এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি ধামরাই থানা রোডের বরাত সেন্টার থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মেহেদী ভূঁইয়া। বক্তারা অভিযোগ করেন, তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও আপত্তিকর। তারা ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রতিবাদ কর্মসূচিতে ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসটিআর
ধামরাইয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ

