ইসরাইলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

প্রকাশঃ Aug 26, 2026 - 13:46
ইসরাইলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক জ্বালানি সহযোগিতার প্রস্তাবিত চুক্তি মার্কিন কংগ্রেসে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তিটি কার্যকর করতে সৌদি আরবকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে বলে স্পষ্ট করে দিয়েছে ট্রাম্প প্রশাসন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, গত জুলাইয়ে চুক্তিটি চূড়ান্ত করা হয়। এর আওতায় মার্কিন কোম্পানিগুলো সৌদি আরবে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি রপ্তানি ও সংশ্লিষ্ট প্রকল্পে অংশ নিতে পারবে। সোমবার চুক্তিটি মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

তবে এ বিষয়ে সৌদি দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চুক্তিটি কংগ্রেসে পাঠানোর পর ট্রাম্প প্রশাসনের ইসরাইল-সৌদি সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্য কতটা এগোবে, তা এখনো পরিষ্কার নয়। নিয়ম অনুযায়ী, চুক্তিটি পর্যালোচনার জন্য কংগ্রেসের হাতে রয়েছে ৯০টি অধিবেশন দিবস।

মার্কিন প্রশাসনের ওই কর্মকর্তা বলেন, সৌদি আরবের ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলেই পারমাণবিক চুক্তিটি এগিয়ে নেওয়া হবে।

ইসরাইলের সঙ্গে আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডস গড়ে ওঠে। ২০২০ ও ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে যায়।

ট্রাম্পের প্রথম মেয়াদেও সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছিল। চলতি বছরের জুলাইয়ে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে সম্মতির কয়েক দিনের মধ্যেই ট্রাম্প এটিকে ইসরাইলের সঙ্গে সৌদি সম্পর্ক স্বাভাবিক করার শর্তের সঙ্গে যুক্ত করেন।

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সৌদি আরবের সঙ্গে পারমাণবিক সহযোগিতার চুক্তি করতে আগ্রহী ছিলেন। তিনিও চুক্তিটির সঙ্গে ইসরাইল-সৌদি সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি যুক্ত করার চেষ্টা করেছিলেন।

২০২৩ সালে ইসরাইল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছিল। কিন্তু ওই বছরের অক্টোবরে গাজায় ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর সেই প্রক্রিয়া থমকে যায়। বর্তমানে সৌদি আরবের অবস্থান হলো, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে একটি ‘অপরিবর্তনীয় পথ’ নিশ্চিত করতে হবে।

৩০ বছরের পারমাণবিক চুক্তি

প্রস্তাবিত চুক্তিটির মেয়াদ ৩০ বছর। এর আওতায় সৌদি আরবে এপি১০০০ মডেলের পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় কয়েক হাজার কোটি ডলার হতে পারে।

এই প্রকল্প বাস্তবায়িত হলে কানাডাভিত্তিক ক্যামেকো ও ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্টের যৌথ মালিকানাধীন ওয়েস্টিংহাউস বড় ধরনের ব্যবসায়িক সুবিধা পেতে পারে।

কংগ্রেসের দুটি সূত্র জানিয়েছে, চুক্তিটি ইতোমধ্যে কংগ্রেসের নেতাদের কাছে পাঠানো হয়েছে। বুধবার এটি সংশ্লিষ্ট কমিটিগুলোর কাছে পাঠানো হতে পারে।

৯০ অধিবেশন দিবসের মধ্যে কংগ্রেস চুক্তিটির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এটি কার্যকর হওয়ার সুযোগ তৈরি হবে। কংগ্রেস চুক্তিটি প্রত্যাখ্যান করলেও প্রেসিডেন্ট ট্রাম্প সেই সিদ্ধান্তে ভেটো দিতে পারবেন। তবে প্রেসিডেন্টের ভেটো অকার্যকর করতে কংগ্রেসের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে।

চুক্তি নিয়ে উদ্বেগ

প্রস্তাবিত চুক্তি নিয়ে ইতোমধ্যে সমালোচনা শুরু হয়েছে। কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের পক্ষের বিশেষজ্ঞরা চুক্তির কিছু বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তাদের মূল আশঙ্কা, চুক্তিতে সৌদি আরবের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণের ওপর স্পষ্ট নিষেধাজ্ঞা নেই। এই দুটি প্রযুক্তি পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্য পথ হিসেবে বিবেচিত হয়।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে সংযুক্ত আরব আমিরাত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক বর্জ্য পুনঃপ্রক্রিয়াকরণ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। পারমাণবিক বিস্তার রোধের ক্ষেত্রে ওই চুক্তিকে ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ হিসেবে বিবেচনা করা হয়।

তবে ট্রাম্প প্রশাসনের দাবি, সৌদি আরবের সঙ্গে করা চুক্তিতে মার্কিন আইনে প্রয়োজনীয় পারমাণবিক বিস্তার রোধের ব্যবস্থা রাখা হয়েছে।

ননপ্রলিফারেশন পলিসি এডুকেশন সেন্টারের প্রধান হেনরি সোকোলস্কি বলেন, চুক্তি অনুমোদনের প্রক্রিয়া শুরু করার মাধ্যমে ট্রাম্প এমন একটি পরিস্থিতির সুযোগ তৈরি করেছেন, যেখানে ইসরাইলের স্বীকৃতি কিংবা ইউরেনিয়াম সমৃদ্ধকরণসংক্রান্ত কঠোর শর্ত ছাড়াই কংগ্রেস চুক্তিটি অনুমোদন করতে পারে।

তার মতে, পারমাণবিক বিস্তার রোধ এবং ইসরাইলকে স্বীকৃতির বিষয়ে যদি সত্যিই কঠোর অবস্থান নেওয়া হয়, তাহলে এমন পরিস্থিতি কাম্য নয়।

তথ্যসূত্র: রয়টার্স

-স্বাধীন/ এমএ

ইসরাইলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
লোগো
Aug 26, 2026

ইসরাইলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta